নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার (৪০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আজ ১০ মার্চ সোমবার সকালে উপজেলার রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন গৌরনগর গ্রামের বাসিন্দা রতন সরকারের ছেলে। আহত ২ যুবক হলেন- মো. অলি মিয়া ও এমদাদুল। প্রত্যক্ষদর্শীরা জানান, এই সড়কের প্রতিনিয়তই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সোমবার ভোর ৬টায় নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবীনগর রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah