অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের উদ্যোগে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজরি গ্রুপ (আইএনসারাগ)-এর মানদণ্ড অনুসরণে একটি কলাপ্সড স্ট্রাকচার সার্চ অ্যান্ড রেসকিউ (সিএসএসআর) ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২ আগস্ট সকাল ১০টায় ঢাকার মিরপুর ফায়ার স্টেশনের আবাসিক কোয়ার্টারে এ বাস্তবধর্মী উদ্ধার মহড়ার আয়োজন করা হয়।
ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, পিএফএম-এর নির্দেশনায় এবং এডজুটেন্ট মোহাম্মদ মামুনের তত্ত্বাবধানে ড্রিলটি পরিচালিত হয়। এতে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রশিক্ষক মো. শাহজাহান এবং ইন্সিডেন্ট কমান্ডারের দায়িত্বে ছিলেন প্রশিক্ষক মো. বজলুর রশিদ।
দেশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ‘গ্রুপ ট্রেনিং অন ফায়ারফাইটিং অ্যান্ড রেসকিউ’ কোর্সে অংশ নেওয়া ৫৪ জন সদস্য এ ড্রিলে অংশগ্রহণ করেন।
ড্রিলে বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের বাস্তবমুখী অনুশীলন করা হয়। অনুশীলনের অংশ হিসেবে লাইন সার্চের মাধ্যমে ভিকটিম অনুসন্ধান, চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য পাঁচটি প্রপস কেটে প্রবেশপথ তৈরি, ভিকটিম উদ্ধার, ধ্বংসস্তূপ (ডেব্রিস) অপসারণ এবং উদ্ধার অভিযানের বিভিন্ন কৌশলগত কার্যক্রম পরিচালনা করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, পূর্বাচলস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ৫৪ জন সদস্যকে নিয়ে ‘গ্রুপ ট্রেনিং অন ফায়ারফাইটিং অ্যান্ড রেসকিউ’ কোর্সটি গত ১৯ জুলাই শুরু হয়েছে। আগামী ১৮ আগস্ট কোর্সটি শেষ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রশিক্ষণের অংশ হিসেবে এ ধরনের বাস্তবধর্মী ড্রিল অংশগ্রহণকারীদের দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমে দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah