সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ লাদেন মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার লাদেন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাঞ্ছারামপুর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরিয়ারচর এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা মেট্রো-গ-৩২-০৮৩৭ নম্বরের একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং লাদেন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লাদেন মিয়ার বিরুদ্ধে কসবা থানায় পূর্বে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah