শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

আগামী ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।

অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলামকে। অন্য কমিশনাররা হলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ মাহিন এবং কমিশনের সদস্য সচিব ও ইউনিট লেভেল অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ আগস্ট সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপত্তি নিষ্পত্তি করা হবে। ২৫ আগস্ট সকাল ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২৬ ও ২৭ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিট কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ২৯ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ আগস্ট আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং ৩১ আগস্ট সকাল ১০টায় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন-২০২৬, ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিট। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, আলহাজ্ব মোহাম্মদ মাহিন এবং সদস্য সচিব ও ইউনিট লেভেল অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল বক্তব্য দেন।

সভায় জানানো হয়, দীর্ঘ কয়েক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে সদস্যরা দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন এবং ইউনিটের সঙ্গে অনেক সদস্যের যোগাযোগও কমে যায়। অনেক সদস্য তাদের আজীবন সদস্যপদের ক্রমিক নম্বরও ভুলে গেছেন।

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটে ৯ হাজার ৬৮৬ জন আজীবন সদস্য এবং ১ হাজার ৩০০ জন বার্ষিক সদস্য রয়েছেন। এর মধ্যে প্রায় ২ হাজার সদস্যের তথ্য হালনাগাদ করা হয়েছে। ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্যরা নির্বাচনে ভোট দিতে এবং প্রার্থী হতে পারবেন বলে সভায় জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, একজন ভোটার ভাইস চেয়ারম্যান পদে একজন, সেক্রেটারি পদে একজন এবং সদস্য পদে পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভাইস চেয়ারম্যান বা সেক্রেটারি পদে একাধিক প্রার্থীকে ভোট দিলে সংশ্লিষ্ট ব্যালট বাতিল হবে। একইভাবে সদস্য পদে পাঁচজনের কম বা বেশি প্রার্থীকে ভোট দেওয়া হলে সেই ব্যালটও বাতিল বলে গণ্য হবে।

মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া