জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 128 বার পঠিত
গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আজ ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পাকিস্তান গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ সালনা এলাকার অটোরিকশা চালক এমদাদুল হক (৪০) ও অজ্ঞাত পরিচয় এক নারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান, আহত হন আরও চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতদের স্বজনরা জানান, সকালে কাজের উদ্দেশে তারা অটোরিকশাযোগে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে এ দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকসহ এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah