জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 183 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে আরিয়ান (৬) নামে এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। ২৪ জানুয়ারি শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাগদী (শিংলাব) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিয়ান ওই এলাকার রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আরিয়ানের বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তার মা অন্যত্র বিয়ে করেন। আরিয়ান বাবার সঙ্গেই বসবাস করছিল। পরবর্তীতে সেলিম মিয়া সুনামগঞ্জের বাসিন্দা রিনা আক্তার নামে এক নারীকে বিয়ে করেন।
শনিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে সেলিম মিয়া ঘরের ভেতর তার ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। সন্ধ্যার দিকে শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয় যে, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে তারা বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “শিশু আরিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”
Posted ৬:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah