জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 100 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাব-১। এ সময় বিপুল পরিমাণ জাল টাকা, টাকা ছাপানোর সরঞ্জাম ও একাধিক কম্পিউটার জব্দ করা হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বনমালা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরির কারখানা পরিচালিত হচ্ছিল।
অভিযানে আটক তিনজনের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল নোট, টাকা তৈরির বিশেষ কাগজ উদ্ধার করা হয়। পাশাপাশি প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কালি ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জাল টাকা চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah