আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 32 বার পঠিত
গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলমেশ্বর এলাকায় বাড়িতে গভীর নলকূপ (সাবমার্সিবল) পানির পাম্প স্থাপনকে কেন্দ্র করে হামলা, মারধর, টাকা ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মাসুদ খান, রাহুল, ফরিদা ইয়াসমিন, আমেনা আক্তার সিমিসহ নাম উল্লেখ করে ৪ জন এবং অজ্ঞাতনামা আরও ৩৪ জনকে অভিযুক্ত করে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. মাহফুজ। বুধবার অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে মাহফুজ অভিযুক্ত মাসুদ খানের বাবা কামাল খানের কাছ থেকে ৮ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখলে রয়েছেন। সম্প্রতি ওই জমিতে একটি গভীর নলকূপ (সাবমার্সিবল) পানির পাম্প স্থাপনের কাজ শুরু করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে বলে দাবি করে কাজ বন্ধ করতে চাপ সৃষ্টি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে মাহফুজ ও তার ভাড়াটিয়া মোস্তফা আহত হন।
মাহফুজের অভিযোগ, হামলার সময় তার পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তাকে প্রাণনাশ ও গুরুতর জখমের হুমকিও দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুদ খান। তিনি বলেন, “হামলার ঘটনায় আমি বা আমার পরিবারের কেউ জড়িত নই। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এ বিষয়ে গাছা থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah