জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৪ জুন ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত
প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কয়েকশ ফুল ও নিমগাছের চারা রোপণ করা হয়।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ তানজিলা খানম, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগাতে হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুর সিটি করপোরেশনকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা হবে।”
Posted ৪:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah