জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 75 বার পঠিত
চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি শনিবার রাজবাড়ী মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
এ সময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে শহীদ বরকতের পরিবার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন, মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ বরকতের মায়ের কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অন্যদিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিসহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়।
Posted ৬:০১ অপরাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah