জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 136 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪২ জন প্রার্থীর মধ্যে ৩২ জনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের (প্রদত্ত ভোট) এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
গাজীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জেলার পাঁচটি আসনেই বিজয়ী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী—মোট ১০ জন—ছাড়া বাকি সব প্রার্থী এই ন্যূনতম ভোট অর্জনে ব্যর্থ হয়েছেন।
গাজীপুর-১ (কালিয়াকৈর ও মহানগরের একাংশ)
এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাস্টিং ভোট পড়ে ৩ লাখ ৮২ হাজার ২৪৪। বিএনপির মো. মজিবুর রহমান ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহ আলম বকশী পান ১ লাখ ৪৯ হাজার ৮৫৩ ভোট। বাকি ৬ প্রার্থী—আতিকুল ইসলাম (গণফ্রন্ট), এস. এম. শফিকুল ইসলাম (জাতীয় পার্টি), চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী (লেবার পার্টি), তাসলিমা আক্তার (বাসদ-মার্কসবাদী), মো. এমারাত হোসেইন খান (স্বতন্ত্র) ও মাওলানা জি. এম. রুহুল আমিন (ইসলামী আন্দোলন)—জামানত হারিয়েছেন।
গাজীপুর-২ (সদর ও টঙ্গী)
এ আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাস্টিং ভোট ৩ লাখ ৫৯ হাজার ৪৬৪। বিএনপির এম. মঞ্জুরুল করিম রনি ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের (এনসিপি) আলী নাছের খান পান ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। বাকি ১০ প্রার্থী—আতিকুল ইসলাম, জিত বড়ুয়া, মাসুদ রেজা, মাহফুজুর রহমান খান, মোহাম্মদ শরিফুল ইসলাম, মো. আব্দুল কাউয়ুম, মো. জিয়াউল কবির, মো. মাহবুব আলম, সরকার তাসলিমা আফরোজ ও হানিফ সরকার—ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত হারান।
গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের একাংশ)
এ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কাস্টিং ভোট পড়ে ৩ লাখ ৩ হাজার ৯৭২। বিএনপির অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের (বাংলাদেশ খেলাফত মজলিশ) মোহাম্মদ এহসানুল হক পান ১ লাখ ৫৩৯ ভোট। জামানত হারানো প্রার্থীরা হলেন—আলমগীর হোসাইন, আশিকুল ইসলাম পিয়াল, মো. ইজাদুর রহমান চৌধুরী, মো. নাজিম উদ্দিন ও ডা. মাওলানা মুফতি শামীম আহমদ।
গাজীপুর-৪ (কাপাসিয়া)
এ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারিয়েছেন। কাস্টিং ভোট ২ লাখ ৪ হাজার ৪৪। জামায়াতে ইসলামীর সালাহ উদ্দিন ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান পান ৯০ হাজার ৩৯০ ভোট। জামানত হারানো ৬ প্রার্থী—এনামুল কবীর, মনির হোসাইন, মানবেন্দ্র দেব, কাজিম উদ্দিন, জাকির হোসেন ও মো. শফিউল্লাহ।
গাজীপুর-৫ (কালিগঞ্জ ও সিটির একাংশ)
এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাস্টিং ভোট ২ লাখ ২৯ হাজার ৯২৯। বিএনপির এ. কে. এম. ফজলুল হক মিলন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. খায়রুল হাসান পান ৭৮ হাজার ১২৩ ভোট। বাকি ৫ প্রার্থী—গাজী আতাউর রহমান, ডা. মো. সফিউদ্দিন সরকার, মো. আজম খান, মো. আল আমিন দেওয়ান ও মো. কাজল ভূঞা—জামানত রক্ষা করতে পারেননি।
Posted ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah