জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 204 বার পঠিত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাঃ হারুন অর রশিদ ২০২৫ সালের ৮ ডিসেম্বর যোগদানের পর থেকেই থানার সামগ্রিক কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব গ্রহণের মাত্র দেড় মাসের মধ্যেই ছিনতাই, অপহরণ, মানব পাচার, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৫০ জন অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে পাঠাতে সক্ষম হয়েছে বাসন থানা পুলিশ।
বাসন থানার আওতাধীন ১৩ থেকে ১৮ নম্বর ওয়ার্ডে বসবাসরত সাধারণ জনগণের কাছে ইতোমধ্যে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন ওসি মোহাঃ হারুন অর রশিদ। গাজীপুর মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও লাখো মানুষের চলাচল হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, ডাকাতি, মানব পাচার ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ সংঘটিত হয়ে আসছিল।
উল্লেখ্য, গত বছরের ৭ আগস্ট ২০২৫ সালে চান্দনা চৌরাস্তার জয়দেবপুর সড়কে ছিনতাইয়ের ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ওই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকাজুড়ে চরম নিরাপত্তাহীনতা দেখা দেয়। ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছিলেন না।
এই প্রেক্ষাপটে বাসন থানার দায়িত্ব গ্রহণের পর ওসি মোহাঃ হারুন অর রশিদের নেতৃত্বে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটে। নিয়মিত টহল, বিশেষ অভিযান ও মানবিক পুলিশিংয়ের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে আসে।
একান্ত সাক্ষাৎকারে ওসি মোহাঃ হারুন অর রশিদ বলেন,
“আমি যেখানে থাকি, যতদিন দায়িত্বে থাকি—মানুষ যেন আমার কারণে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটাই আমার অঙ্গীকার। অপরাধী যেই হোক, কোনো ছাড় নেই।”
তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার, উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারদের সার্বিক দিকনির্দেশনায় এ পর্যন্ত ২৫০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছিনতাইকারী ৩০ জন, অপহরণ ও মানব পাচার ২৯ জন, ডেভিল হান্ট অভিযানে ২০ জন, মাদক মামলায় ৩৪ জন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ২৮ জন রয়েছে। এছাড়াও খুন, ধর্ষণ, ধর্ষণচেষ্টা, চুরি ও অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি যানজট নিরসনে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড় ফ্লাইওভারের নিচেসহ গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতের হকার ও ভাসমান দোকান উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে।
থানার অভ্যন্তরীণ ব্যবস্থাপনাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। থানার পরিত্যক্ত জায়গায় খেলার মাঠ, নামাজের সুব্যবস্থা, আধুনিক টয়লেট, ফুলের বাগান এবং কর্মকর্তা-কর্মচারীদের খাবারের মান উন্নয়ন করা হয়েছে। এতে থানার কর্মরত পুলিশ সদস্যদের মধ্যেও সন্তোষ দেখা গেছে।
এছাড়াও প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের উদ্দেশ্যে আইন মেনে চলা, মাদক প্রতিরোধ ও নিজ হাতে আইন তুলে না নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন ওসি।
সচেতন মহলের মতে, ওসি মোহাঃ হারুন অর রশিদের নেতৃত্বে বাসন থানা এখন একটি নিরাপদ, সুশৃঙ্খল ও সেবামুখী থানার দৃষ্টান্ত হিসেবে গড়ে উঠছে। সাধারণ মানুষের প্রত্যাশা—পুলিশ হোক জনতার আস্থার ঠিকানা, আর সেই আস্থার প্রতীক হিসেবেই কাজ করে যাচ্ছেন তিনি।
Posted ৫:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah