জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট ঘোষণার সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাজেট উপস্থাপন করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা তিনজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। এ সময় বিভিন্ন ওয়ার্ডের সচিবসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অন্যদিকে, মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট অনুযায়ী সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
বাজেটে নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে বাজেট উপস্থাপনায় জানানো হয়।
বাজেট ঘোষণা শেষে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণমুখী। তিনি জানান, নগরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মশক নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah