তন্বী ভট্টাচার্য্য, চট্টগ্রাম | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ইসমাইল (৩০) নামের এক ভ্রাম্যমাণ চা বিক্রেতা নিহত হয়েছেন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে লালদিঘীর পাড়ে জেলা পরিষদ ভবনের বিপরীতে সিএমপি কমিশনারের পুরোনো কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি কোতোয়ালী থানার প্রায় ১০০ গজ দূরে।
নিহত ইসমাইল ফিরিঙ্গিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। নগরের লালদিঘীর পাড় ও আশপাশের এলাকায় ঘুরে ঘুরে চা বিক্রি করতেন ইসমাইল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতে লালদিঘীর পাড় এলাকায় চুরি–ছিনতাই বেড়েছে; পুলিশি টহলও অপর্যাপ্ত।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, রাত আড়াইটার দিকে সাইকেলে ফিরিঙ্গিবাজারের বাসার দিকে যাচ্ছিলেন ইসমাইল। ওই সময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
Posted ১:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah