সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
‘সেরা পাঠকের খোঁজে বই পড়া কর্মসূচি’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির আয়োজনে আলোচনা সভা ও পাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবলিক লাইব্রেরি পরিচালনা পর্ষদের সভাপতি, জেলা প্রশাসক ও কথাসাহিত্যিক মো. আবুসাঈদ।
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সী পাঠক তাঁদের বই পড়ার অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরে কথাসাহিত্যিক সাঈদ আজাদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অগ্নিপ্রভাত’ নিয়ে পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বইটির বিষয়বস্তু, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং ইতিহাসভিত্তিক উপস্থাপনা নিয়ে পাঠকেরা মতামত দেন।
আলোচনায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া অতীতে অনেক যোগ্য ও দক্ষ জেলা প্রশাসক পেয়েছে। তবে বর্তমান জেলা প্রশাসক মো. আবুসাঈদ একজন দক্ষ প্রশাসকের পাশাপাশি সুসাহিত্যিক ও কথাসাহিত্যিক। তাঁর প্রশাসনিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ও অগ্রগতি আরও দৃশ্যমান হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এমন উদ্যোগকে স্বাগত জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও কথাসাহিত্যিক মো. আবুসাঈদ বলেন, “বই পড়ার কোনো বিকল্প নেই। জ্ঞান, চিন্তা ও মননশীলতা বিকাশে বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু।”
তিনি বলেন, সরকার ঘোষিত বই পড়া কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার সব উপজেলায় বই পড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রতিযোগিতার জন্য এমন কিছু বই বাছাই করা হয়েছে, যেগুলো থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে বিসিএসসহ অন্যান্য পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ফলে শিক্ষার্থীরা বই পড়ার মাধ্যমে একদিকে জ্ঞান অর্জন করবে, অন্যদিকে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah