সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই রান ২০২৬’। ‘জুলাই শহীদদের ত্যাগ, আমাদের অনুপ্রেরণা’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ আগস্ট) সকালে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ট্রায়াথলন টাইগারসের আয়োজনে, ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির সহযোগিতায় এবং সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ দৌড় অনুষ্ঠিত হয়। সকাল ৬টা ১৫ মিনিটে শিমরাইলকান্দি সংলগ্ন ব্রিজ এলাকা থেকে দৌড় শুরু হয়। এতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ২০০ জন দৌড়বিদ অংশ নেন।
নির্ধারিত পথে দৌড়বিদরা প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে বাঙালিয়ানা রেস্তোরাঁ সংলগ্ন এলাকায় গিয়ে দৌড় শেষ করেন। পরে ফিনিশারদের মেডেল পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
নারী ও পুরুষ—দুই ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। সকাল ৭টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ওবায়দুল হক, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি মো. মুমিনুল হকসহ অন্যরা।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। শহীদ মো. হোসাইনের বাবা মানিক মিয়া এবং শহীদ কামরুল মিয়ার বড় ভাই মো. সেলিম উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।
শহীদ মো. হোসাইনের বাবা মানিক মিয়া বলেন, তাঁদের সন্তানদের আত্মত্যাগকে এভাবে স্মরণ ও সম্মান জানানোয় তাঁরা গর্বিত। সন্তানদের স্মরণে এমন আয়োজন ও সম্মাননা তাঁদের জন্য অত্যন্ত আবেগের ও সম্মানের।
ট্রায়াথলন টাইগারসের অ্যাডমিন ও রেস ডিরেক্টর অলি আহাদ বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, অনুষ্ঠান সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অতিথি, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি তাঁরা কৃতজ্ঞ।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah