অনলাইন ডেস্ক | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 70 বার পঠিত
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আর সেই বিদায়টা স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি।
বেনিনের বিপক্ষে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র।
৪৮তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন নিকোলাস ওটামেন্দি। কাছ থেকে ভলি করে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার।
এই অ্যাসিস্টের মাধ্যমে জাতীয় দলের হয়ে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৬৮-তে।
এরপর ৬১তম মিনিটে আবারও মেসির জাদু। বক্সের বাইরে থেকে নিকো পাজের দিকে বল বাড়িয়ে দেন তিনি।
বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার ব্যবধান ২-০ করেন পাজ।
দুটি গোলে অবদান রাখার পর এবার নিজেই স্কোরশিটে নাম লেখান মেসি।
৬৯তম মিনিটে বেনিনের এক ডিফেন্ডারের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭০তম মিনিটে স্পট কিক থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালের ওপরের কোণে পাঠিয়ে দেন মেসি।
মেসির গোলের পর সতীর্থরা ছুটে যান তার দিকে। গ্যালারিতেও শুরু হয় আবেগের বিস্ফোরণ।
এর আগে ম্যাচের ১০ম মিনিটে মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে খেলা থামিয়ে দেন রেফারি। পুরো গ্যালারি দাঁড়িয়ে করতালির মাধ্যমে আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মান জানায়।
হাত নেড়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন মেসিও।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এক গোল, দুই অ্যাসিস্ট—জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচের চিত্রনাট্য যেন এর চেয়ে সুন্দর আর হতে পারত না।
Posted ৫:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah