সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনী ইশতেহারে ২৫ লাখ গাছ রোপণের কর্মসূচিকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের অবকাশ পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন ও এবিএম মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু কর্মসূচি পালন করলেই হবে না, গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বৃক্ষরোপণ পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বৃষ্টিপাতের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। শিশু-কিশোর থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।
শ্যামল এমপি বলেন, নির্বিচারে গাছ কাটা বন্ধের পাশাপাশি রাস্তার পাশে, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায়, বাড়ির আশপাশে ও খালি জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এখনই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাকে ইতিবাচক উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের হাতে একটি করে চারা তুলে দেওয়া মানে শুধু একটি গাছ লাগানো নয়; বরং তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি অবকাশ পার্কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Posted ২:১১ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah