সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর শহরের পুনিয়াউটে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনের সামনের মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করে তিনি তাঁকে জান্নাত নসিব করার জন্য দোয়া করার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মধ্য দিয়েই দলকে এগিয়ে নিতে হবে।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে যে রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিলেন, পরবর্তী সময়ে ছাত্র-জনতার আন্দোলন সেই গণআন্দোলনকে আরও বেগবান করেছে। এ আন্দোলন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে।
তিনি আরও বলেন, “আমাদের সতর্ক থাকতে হবে। জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়। জনগণের ভালোবাসা অর্জন ও তাদের সম্পৃক্ত করা যায়—এমন কাজই আমাদের করতে হবে।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি শরিফ উদ্দিন আফতাবি।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ২:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah