আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে এনজিওর কিস্তির টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে রুহুল আমিন (৩৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের কুমারভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন ওই গ্রামের আতাহার উদ্দিনের ছেলে। তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। শুক্রবার রাতে এনজিওর ১৪ হাজার টাকার কিস্তির বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজন তাকে বেদম মারধর করে। পরে তার মরদেহ বাড়ির পাশে ফেলে রাখা হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী হালিমা খাতুন (৩৫), শ্বশুর রফিক ফকির (৫৫), মেয়ে রিমা (১৬), শ্যালক শাহজাহান ফকির (২৭) এবং চাচা শ্বশুর তাজ উদ্দিনকে (৫০) আটক করেছে। তবে নিহতের স্ত্রী ও মেয়ে দাবি করেছেন, রাতে তাদের সঙ্গে রুহুলের কোনো ঝগড়া হয়নি। রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ৩:১২ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah