অনলাইন ডেস্ক | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হানার পর মঙ্গলবারও (১১ আগস্ট) ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কফি উৎপাদনকারী অঞ্চল পেরেইরা শহরেই মারা গেছেন ১০১ জন। দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে নিহত হয়েছেন আরও ৯৫ জন।
উদ্ধারকর্মীরা ক্রেন, খননযন্ত্র ও হাতের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছেন। আটকে পড়া কেউ জীবিত আছেন কি না, তা শনাক্ত করতে উদ্ধারকাজের সময় নীরব থাকার অনুরোধ করা হচ্ছে।
ভূমিকম্পে দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাপার্টমেন্ট ভবন, বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভবন ধসে পড়েছে, আবার কিছু ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী চোকো অঞ্চলের বনাঞ্চলে বসবাসকারী অনেক আদিবাসী জনগোষ্ঠী এখনো বিদ্যুৎ ও মৌলিক সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় সেখানে উদ্ধার তৎপরতা চালানোও কঠিন হয়ে পড়েছে।
নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শপথ নেওয়ার কয়েক দিন পরই এই ভূমিকম্প আঘাত হানে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঘরবাড়ি হারানো মানুষের জন্য অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে ন্যাশনাল কফি ফেডারেশন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মাঠপর্যায়ে কাজ করছে। সংস্থাটির প্রধান জার্মান বাহামোন জানিয়েছেন, কৃষিখামার ও গ্রামীণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকর্মীরা মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসাবশেষ সরিয়ে যাচ্ছেন। বালতি হাতে হাতে এগিয়ে দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন।
সূত্র: রয়টার্স
Posted ১২:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah