জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট | 21 বার পঠিত
তরুণ প্রজন্মের মেধাকে সম্পদে রূপান্তরের মাধ্যমে ক্রীড়া ও উদ্ভাবনভিত্তিক টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (৬ মে) “আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, মেধাস্বত্বের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক গবেষক ও উদ্ভাবকের অধিকার। বিশ্বজুড়ে গবেষণা ও উদ্ভাবনের পরিসর যত বাড়ছে, মেধাস্বত্বের গুরুত্বও তত বাড়ছে।
তিনি বলেন, উদ্ভাবন ও গবেষণাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। তবে এসব উদ্ভাবনের সুরক্ষা নিশ্চিত না হলে উদ্ভাবকরা যথাযথ স্বীকৃতি ও বাণিজ্যিকীকরণের সুযোগ হারাতে পারেন। তাই গবেষক ও উদ্ভাবকদের চিন্তা, ধারণা ও সৃজনশীলতার আইনগত সুরক্ষায় মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা জরুরি।
উপাচার্য আরও বলেন, এ ধরনের সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষক ও গবেষকরা মেধাস্বত্বের আবেদন প্রক্রিয়া, নিবন্ধন পদ্ধতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে মেধাস্বত্ব সুরক্ষার প্রক্রিয়া, বিধি-বিধান, নীতিমালা ও আইন সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ডুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah