আরিফুর রহমান আরিফ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 222 বার পঠিত
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী তুষারঝড় আঘাত হানায় নিউইয়র্ক নগরজুড়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগের কারণে সোমবার নগরীর স্কুলও বন্ধ রাখা হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, সোমবার ভোরে নিউইয়র্কে হালকা তুষারপাত ও ‘ফ্রিজিং ফগ’ রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা নেমে আসে ৩০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াসে। সংস্থাটি সতর্ক করে বলেছে, মেরিল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব নিউ ইংল্যান্ড পর্যন্ত দ্রুত তুষারঝড়ের পরিস্থিতি তৈরি হবে, যাতে ভ্রমণ ‘অত্যন্ত বিপজ্জনক’ হয়ে উঠতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কিছু এলাকায় দুই ফুট বা ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে এবং ঝড়ের তীব্রতম সময়ে ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় ৫ কোটি ৪০ লাখ বাসিন্দা এর প্রভাবপথে রয়েছে।
সোমবার ভোরেই ঝড় নিউইয়র্কে আঘাত হানে। দৃশ্যমানতা এতটাই কমে যায় যে পাশের বরো ব্রুকলিন থেকে ওয়াল স্ট্রিটের আকাশচুম্বী ভবনগুলো প্রায় দেখা যাচ্ছিল না। ভারী তুষারপাত ও দমকা হাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট PowerOutage.us জানায়, স্থানীয় সময় সোমবার রাত ১টা ৩৯ মিনিটে নিউ জার্সিতে প্রায় ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।
ফ্লাইট ট্র্যাকার FlightAware–এর তথ্য অনুযায়ী, সোমবার ভোর পর্যন্ত পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
৮০ লক্ষাধিক জনসংখ্যার নিউইয়র্কে মেয়র জোহরান মামদানি বলেন, রবিবার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে। তিনি জানান, গত এক দশকে নিউইয়র্ক সিটি এ ধরনের ঝড়ের মুখোমুখি হয়নি এবং জরুরি অবস্থা ঘোষণার অংশ হিসেবে বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবা বা প্রয়োজনীয় যাতায়াতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
ব্রুকলিনের বাসিন্দা ব্র্যান্ডন স্মিথ বলেন, সড়ক বন্ধ থাকলেও কিছু কর্মস্থল খোলা থাকায় সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়বে। অন্যদিকে, পর্যটকরা প্রথম তুষারপাতের অভিজ্ঞতায় আনন্দ প্রকাশ করেছেন।
এদিকে বস্টন শহরের মেয়র মিশেল উ সোমবার সব সরকারি স্কুল ও পৌর ভবন বন্ধ ঘোষণা করেছেন। সূত্র: এএফপি।
Posted ১০:১০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah