জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 129 বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার সম্প্রতি এক নির্বাচনী প্রচারণা ভিডিওতে তাঁর জীবনের ভয়াবহ নির্যাতন ও দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। আবেগমাখা কণ্ঠে তিনি বলেন, বছরের পর বছর ধরে তাঁকে ও তাঁর পরিবারকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
তিনি জানান, তাঁকে একসময় গুমের শিকার করা হয়েছিল। হাত-পা বেঁধে কালো কাপড়ে মুখ ঢেকে একটি অজানা স্থানে রাখা হতো। দিন না রাত বুঝতে পারতেন না। প্রতিদিন তাঁকে বলা হতো এটাই তোমার জীবনের শেষ দিন। এভাবে প্রায় পাঁচটি দিন মৃত্যুর মুখোমুখি হয়েছেন তিনি।
মোহাম্মদ ইসহাক সরকার জানান, তাঁর ভাতিজা সোহেলসহ অনেক সহকর্মীও গুমের শিকার হয়েছেন। তাঁর বাড়ির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ কেটে দেওয়া হতো, পানির লাইন ভেঙে দেওয়া হতো। একদিন সাইলেন্সারযুক্ত পিস্তল নিয়ে বাসায় ঢুকে তাঁকে হত্যার চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, তাঁর পরিবারের সদস্যরা — স্ত্রী, সন্তান, ভাই, বোন, আত্মীয়স্বজন — কেউই তাঁর সাথে দেখা করতে পারতেন না। রাতে পুলিশ এসে গেট না খুললে অশ্লীল ভাষায় গালিগালাজ করত এবং ভেতরে ঢুকেও একই আচরণ করত।
সবচেয়ে কষ্টের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, তাঁর সন্তানরা জন্মের পর থেকে বাবার আদর-স্নেহ কী তা কখনো অনুভব করতে পারেনি। আজও তারা তাঁর বুকে ঘুমায়, ছোটবেলায় যে ভালোবাসা দিতে পারেননি তার কথা ভেবে এখনো তিনি ব্যথিত হন।
দলীয় প্রসঙ্গে তিনি বলেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের জন্য এত ত্যাগ স্বীকার করার পরও তাঁকে ও তাঁর বড় ভাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এতে দলের প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই। তিনি দেশের জনগণের জন্য এই কষ্ট উৎসর্গ করেছেন।
মোহাম্মদ ইসহাক সরকার বলেন, তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। কাউকে হয়রানি করেননি, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেননি। সবসময় ন্যায়বিচার ও ইনসাফ চেয়েছেন।
আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-৭ আসনের জনগণ তাঁকে আপন করে নিয়েছেন। এমপি বা মন্ত্রী হওয়া তাঁর লক্ষ্য নয়, জনগণের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাঁর একমাত্র উদ্দেশ্য।
Posted ৪:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah