জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 157 বার পঠিত
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন হাবিবুর রহমান হবি মোল্যা (৫০) নামে একজন। তার হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। একইসাথে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও দুটি মহাসড়ক অবরোধের কারণে দক্ষিণবঙ্গমুখী ২১ জেলার যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েছেন।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নের এলাকাবাসী পুনর্বিন্যাস বাতিলের দাবিতে সড়ক অবরোধ শুরু করেন। তারা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোল চতত্বর, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের ৭টি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে, গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে এবং বাঁশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ চলমান থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মৃত হবি মোল্যা ভাঙ্গা পৌরসদরের চরকান্দি এলাকার বাসিন্দা ও স্থানীয় মুদি দোকানি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দোকানে গিয়ে অচেতন হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জোবায়ের নাদিম বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। পরিবার হিটস্ট্রোকের বিষয়টি সরাসরি না বললেও পরিস্থিতি দেখে সেটিই সম্ভাব্য কারণ মনে হচ্ছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, আন্দোলনে গিয়ে হিটস্ট্রোকে মারা যাওয়ার তথ্য আমরা পাইনি। যতটুকু জেনেছি, তিনি দোকানের ভেতরেই অসুস্থ হয়ে পড়েছিলেন।
অবরোধের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ হেঁটে, কেউ ভ্যানে করে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ ছিল চরম।
ঢাকা থেকে পরিবার নিয়ে আসা যাত্রী হাবিবুর রহমান জানান, ১৫ কিলোমিটার পথ হেঁটে এবং ভ্যানে করে এসেছি। কিন্তু অবরোধ এলাকায় হাঁটতে হচ্ছে। মানুষকে ভোগান্তি করে আন্দোলনের কোনো মানে নেই।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) গত বৃহস্পতিবার ৪৬টি আসনের সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করে। এর মধ্যে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই ভাঙ্গা উপজেলার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে আসছে।
Posted ৬:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah