জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 125 বার পঠিত
গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) আসনে জনতার দলের প্রার্থী ও দলের মহাসচিব আজম খান বলেছেন, নির্বাচিত হলে কালীগঞ্জকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, এলাকায় মাদক ব্যবসা বন্ধ না হলে থানায় তালা লাগানো হবে।
৭ ফেব্রুয়ারি শনিবার কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আজম খান বলেন, এলাকায় কোনো ধরনের চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা ঘটলে তদন্ত ও যুক্তি-প্রমাণের ভিত্তিতে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের সমপরিমাণ অর্থ পরিশোধ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
তিনি আরো বলেন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুরো এলাকাকে স্যাটেলাইট পদ্ধতিতে ক্যামেরার আওতায় আনা হবে। নির্বাচিত হওয়ার পর প্রথম তিন মাসের মধ্যে বক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তিনি বলেন, খাল ও নদী খননের মাধ্যমে বেলাই লেক ড্রাইভ, শীতলক্ষ্যা রিভার ড্রাইভ এবং কাঞ্চন থেকে নরুন পর্যন্ত গাজীপুর-ইটাখোলা সড়কের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। পাশাপাশি ভূমিহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া উপজেলার মামার বাড়ি রিসোর্টকে গরিব ও শিশুদের জন্য বিনা মূল্যে বিনোদনের ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হবে।
জনতার দলের কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জনতার দল গাজীপুর জেলা কমিটির সভাপতি হাজী শামসুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু জাফর রিপন এবং দলের নেতা মো. শাহজাহান ও মো. সিরাজউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Posted ৬:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah