জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 219 বার পঠিত
শ্রীপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা। আজ ৩ ডিসেম্বর বুধবার সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তারা টানা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। কিন্তু দুঃখজনক হলো-চাকরি রাজস্ব খাতে হলেও আমাদের কোনো পদোন্নতি নেই।
তারা অভিযোগ করে বলেন, নিয়োগবিধি না থাকায় বেতনগ্রেড উন্নীতকরণ, পদোন্নতি, চাকরিগত মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বছরের পর বছর বঞ্চিত হচ্ছেন। এ জন্য তারা বহুবার লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি সব প্রচেষ্টা সত্ত্বেও এখনো নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে তারা টানা কর্মবিরতি পালন করছেন।
Posted ২:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah