জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 168 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে ঘর তালাবদ্ধ করে আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন। এ ঘটনা ঘটেছে ২ আগস্ট শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে।
নিহতের নাম মারুফা আক্তার (৪৫)। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী। স্থানীয় মোশাররফ স্পিনিং মিলসে শ্রমিকের কাজ করতেন তিনি। অভিযুক্ত ঘাতক স্বামী মো. মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি একটি ওষুধের দোকান পরিচালনা করেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত মিজানুর রহমানের বাঊআশপাশের মানুষ আগুন আগুন করে ডাক চিৎকার চেঁচামেচি শুরু করেন। ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসার মূল ফটক তালাবদ্ধ দেখতে পান তারা। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততোক্ষণে পোশাক শ্রমিক মারুফা আগুনে পুড়ে অঙ্গার হয়ে ঘটনাস্থলে মারা যান।
নিহতের ছোটভাই মোহাম্মদ আবু তাহের বলেন, বিয়ের পর থেকে নানান বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। গত ১৫ দিন বোনকে ঘর থেকে বের হতে দেননি ঘাতক স্বামী। রাতে ডাকাডাকি শুনে দ্রুত ঘটনাস্থলে এসে দাউ দাউ আগুন জ্বলতে দেখি। পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে আমার বোনকে পুড়িয়ে পালিয়ে যায় ঘাতক স্বামী। আশপাশের কয়েক শতাধিক মানুষ এসে দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এসময় বোনের সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যায়। ঘাতক স্বামী মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আনুমানিক রাত আড়াইটার দিকে স্ত্রীকে হত্যার পর দুটি থাকার ঘর ও মূল ফটক তালাবদ্ধ করে পালিয়ে যায় ঘাতক স্বামী। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah