মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে : | রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ ৩ আগস্ট রবিবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ইয়াছিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মরিয়ম হোটেলের কর্মচারী ছিলেন।
আজ সকাল ১০টার দিকে পুকুরে গোসল করতে গেলে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও কেউ কোনো সন্ধান পায়নি। পুকুর ঘাটে তার পায়ে থাকা স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে তারা উদ্ধার কাজ শুরু করে। ৩০ মিনিট অভিযান চালিয়ে ১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, আজ দুপুরে স্থানীয়রা খবর জানালে ঘটনাস্থলে গিয়ে পুকুর ঘাটে নিহতের জামাকাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিদলের সদস্যরা। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah