জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে পরিবেশ দূষণ ও বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দল ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভা সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক।
উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহের সাবেক বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান মকুল, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন প্রমুখ।
সভায় অতিথির বক্তব্যে সাবেক বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান মকুল বলেন, পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ দৃশ্যমান বর্জ্য। পরিবেশ রক্ষা করতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে এবং শ্রীপুরকে পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক বলেন, পরিবেশ রক্ষা কার্যক্রমে আমরা সর্বদা পাশে আছি। পরিবেশ বিনষ্ট করছে এমন কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাদের অবগত করবেন।আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
সভায় আলোচনা করা হয় শিল্প দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও বনায়ন বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব যানবাহন ও সবুজ ভবন উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি। বিভিন্ন বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah