জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 276 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ সমিতির অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে অফিস ছেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু হয়।
চন্দ্রা, মৌচাক, কালিয়াকৈর ও ফুলবাড়িয়া জোনাল অফিসে গিয়ে দেখা গেছে-দপ্তরে কর্মকর্তা-কর্মচারী নেই, বরং তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। ফলে নিয়মিত বিল পরিশোধ ও জরুরি সেবার জন্য আসা গ্রাহকরা কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
জরুরি সেবা নিতে আসা গ্রাহক কবির মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, এসেছিলাম জরুরি সেবা নিতে, কিন্তু এসে দেখি অফিসে কোনো লোকজন নেই। এক ঘণ্টা অপেক্ষা করেও কাউকে পাইনি। আমার মতো আরো অনেকেই একই ভোগান্তিতে পড়ছেন।
অধিকারের দাবিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা চার দফা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলো হলো:
১. আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি।
২. সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা।
৩. চাকরিচ্যুতদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহার।
৪. বদলি বা বরখাস্ত সংক্রান্ত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন।
এছাড়া তারা আরো কিছু দাবি উত্থাপন করেছেন, যেমন—চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পূর্বের কর্মস্থলে পুনর্বহাল, লাইনক্রুদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ, আন্দোলনে অংশ নিতে না পারা পাঁচজন লাইনক্রুকে পুনর্বহাল এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
চন্দ্রা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে অফিস ছেড়েছেন। আমি খুব কষ্ট করে স্থানীয় ২-৩ জনকে নিয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করছি।
এ বিষয়ে সাংবাদিকরা কর্মকর্তাদের বক্তব্য নিতে চাইলে তারা কিছু বলতে রাজি হননি। অভিযোগ রয়েছে, বক্তব্য দিলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।
Posted ৬:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah