জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 203 বার পঠিত
প্রতীকী ছবি
কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল সিল্কসিটি ট্রেন। ট্রেনটি যখন কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন অতিক্রম করে, তখন ট্রেনের ভেতরে দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে ঝুলে শরীরে বাতাস লাগাচ্ছিলেন ওই যাত্রী।
একপর্যায়ে সিগন্যালের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তিনি নীল রঙের টি-শার্ট ও কালো জিন্স প্যান্ট পরিহিত ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাদির উজ-জামান জানান, নিহতের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah