জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 237 বার পঠিত
গাজীপুরের মৌচাক এলাকায় তাকওয়া পরিবহনের চাপায় ইলিয়াস হায়দার নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ১৩ অক্টোবর সোমবার রাতে মৌচাক দোকানঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হায়দার শেখ (৩৬), কিশোরগঞ্জ জেলার দশদ্রোন গ্রামের মৃত আ. সোবাহানের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে ইলিয়াস হায়দার শেখ চান্দনা চৌরাস্তা থেকে তাকওয়া মিনিবাসযোগে মৌচাকে পৌঁছলে এক পা রাস্তায় এবং এক পা গাড়িতে থাকা অবস্থায় হেলপার গাড়ি টান দিতে বলে। এসময় বাস চালক মিলন দ্রুত বেপরোয়া গতিতে গাড়িটি টান দিলে গাড়ির বাম পাশে আঘাত লেগে ইলিয়াস হায়দার শেখ মহাসড়কের ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস হায়দার শেখকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের খালাতো ভাই নাদিম আহমেদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, মিনিবাস দুর্ঘটনায় এক যাত্রী নিহতের ঘটনায় বাস চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah