তন্বী ভট্টাচার্য্য, চট্টগ্রাম | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি রাইফেলসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ ১৭ নভেম্বর সোমবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়ার একটি পুকুর থেকে দুইটিসহ এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে ভোরে পলোয়ানপাড়ায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযানে শাহ আলমের কাছ থেকে চারটি এলজি, তিনটি কার্তুজ ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
আটক হওয়ার পর তিনি তার বাড়ির পাশের পুকুরে একটি বিদেশি পিস্তল ফেলে দেন বলে জানান। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুকুর সেচ করে চুম্বকের মাধ্যমে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করা হয়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, শাহ আলম বহুদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সাত-আটটি মামলা রয়েছে এবং তিনি দুটি হত্যা মামলারও সন্দেহভাজন আসামি। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Posted ১২:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah