জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 161 বার পঠিত
গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে নিজ নিজ পছন্দের প্রার্থী ও মতামতের পক্ষে ভোট দিতে পারবেন।
তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্রীয় অবকাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছে। এখানেও ভোটাররা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পাবেন।
১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণভোট বিষয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম সঞ্চালনা করেন।
সভায় জেলা প্রশাসক আরো বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, তবে দায়িত্ব পালনকালে তা প্রকাশ করা যাবে না। এ ধরনের আচরণ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গণভোটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এ সময় গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আশফাকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তোজ জহুরা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ৫:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah