জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 153 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট পিপলস সিরামিক সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত পথচারীর বয়স আনুমানিক ২৮ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
আহত আনসার সদস্যরা হলেন সিফাত ও সামসুল ইসলাম। আহত সিফাত জানান, তিনি ও তাঁর সহকর্মী ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে পড়ে। গাছটি তিন খণ্ড হয়ে যায়। একটি খণ্ড সামসুল ইসলামের ওপর এবং আরেকটি খণ্ড ওই পথচারীর ওপর পড়ে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক পাপ্পু বলেন, সড়ক পার হওয়ার সময় তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি স্থানীয়দের সহায়তায় তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন অজ্ঞাত ওই যুবককে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah