নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 161 বার পঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এর এক বিভাগীয় প্রধানকে নিজ কক্ষে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে এ ঘটনা ঘটে।
নিহত আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই কর্মচারী ফজলুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সমাজকল্যাণ বিভাগের ইফতার মাহফিল উপলক্ষে অফিস সময় শেষ হওয়ার পরও শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিলেন। বিকেল ৪টার দিকে ২২৬ নম্বর কক্ষ থেকে চিৎকার শুনে আনসার সদস্য ও শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে তারা প্রবেশ করেন।
ভেতরে ঢুকে আসমা সাদিয়া রুনাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই শিক্ষকের মৃত্যু হয়েছে। তার গলা, হাত ও পায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত কর্মচারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগীয় সূত্র ও সহকর্মীদের মতে, ফজলুর রহমান আগে সমাজকল্যাণ বিভাগেই কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে বেতন বৃদ্ধি নিয়ে আসমা সাদিয়া রুনার সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ঘটনাটিকে ‘অকল্পনীয় ও অপ্রত্যাশিত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ঘটনার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Posted ৪:১৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah