জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 101 বার পঠিত
গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি (২০২৬) উপলক্ষ্যে ২৮ মার্চ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত এই আয়োজন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক উৎসবমুখর মিলনক্ষেত্রে।
উৎসবের শুরুতে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ এবং আলোচনা সভা। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দীর্ঘ ৮৫ বছরের পথচলায় বিদ্যালয়টি অগণিত মেধাবী শিক্ষার্থী গড়ে তুলে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে—এমন মন্তব্য উঠে আসে বক্তাদের বক্তব্যে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুরের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়া, বিশিষ্ট মেডিসিন ও ক্যান্সার বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মোঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত সচিব (অব.) লায়লা জেসমিন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম মন্ডল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হাসান মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কবির সরকার।
আনন্দঘন এই মিলনমেলা প্রাঙ্গণকে এক অনন্য বন্ধন ও স্মৃতিচারণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে, যেখানে প্রজন্মের পর প্রজন্ম একসূত্রে মিলিত হয়।
Posted ৬:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah