জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 91 বার পঠিত
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মঙ্গলবার সকালে দিবসটির সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ’সহ বিভিন্ন বাংলা গান। অতিথিদের জন্য ছিল জিলাপি, সন্দেশ, কদমা, তরমুজ, আমের শরবত, বাতাসা, মুড়ি ও খৈ—ঐতিহ্যবাহী বাঙালি আপ্যায়ন।
সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন কলা ও মানবিকী অনুষদ সংলগ্ন মৃৎমঞ্চ থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। বর্ণিল এই শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কেবল কর্মজীবনের জন্য নয়, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, জাকসু নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
শোভাযাত্রা শেষে উপাচার্য টিএসসি চত্বরে বৈশাখী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন বিভাগ আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি মহিলা ক্লাবের মধ্যাহ্ন ভোজেও যোগ দেন।
দিনের শেষভাগে সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্র, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র এবং জাকসুর যৌথ উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah