অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
মাতৃত্ব ও শিক্ষাজীবনের দ্বৈত দায়িত্ব একসঙ্গে সামলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের এক এসএসসি পরীক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিনদিন পর, অস্ত্রোপচারের ধকল কাটিয়ে পরীক্ষার হলে বসেছেন তিনি।
আজ ২১ এপ্রিল মঙ্গলবার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ পরীক্ষায় অংশ নেন হাওয়া আক্তার। তিনি সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে। গত ১৮ এপ্রিল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি সন্তানের জন্ম দেন।
পরীক্ষার সময় নবজাতককে নিয়ে কেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন পরিবারের এক সদস্য। ফলে একদিকে পরীক্ষা, অন্যদিকে সন্তানের দেখভাল—দুই দায়িত্বই একসঙ্গে সামলাতে হয়েছে হাওয়া আক্তারকে।
স্থানীয়রা বলছেন, প্রতিকূলতার মাঝেও লক্ষ্য অর্জনে দৃঢ় থাকার এই ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। হাওয়া আক্তারের এই সাহসিকতা প্রমাণ করে, দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় নয়।
এ বিষয়ে পরীক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও কেন্দ্র সচিব মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান, তাদের কেন্দ্রে প্রায় ১১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে এক ছাত্রী সিজার অপারেশনের মাত্র তিনদিন পর পরীক্ষায় অংশ নিয়েছেন, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি আরো জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ওই পরীক্ষার্থী যেন নবজাতক সন্তানকে নিয়ে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
Posted ৫:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah