সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে রেকর্ড গড়ে হারাল টাইগাররা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

নিউজিল্যান্ডকে রেকর্ড গড়ে হারাল টাইগাররা

ছবি সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে রেকর্ড গড়ে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেট ও ১২ বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।

এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তিও গড়েছে ফিল সিমন্সের শিষ্যরা। এর আগে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ১৩৫। তবে সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫, যা ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গড়া।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম ধীরগতির ব্যাটিংয়ে চাপে পড়েন। ৫.৩ ওভারে ৪১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। সাইফ ১৬ বলে ১৭ এবং তানজিদ ২৫ বলে ২০ রান করেন। দলনেতা লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি, ১৫ বলে ২১ রান করে ফিরেন তিনি।

১০.১ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান। মাত্র ২৮ বলে ৫৬ রানের জুটি গড়েন তারা। ইমন ১৪ বলে ২৮ রান করে আউট হন।

এরপর শামীম হোসেন পাটোয়ারীকে সঙ্গে নিয়ে তাওহীদ হৃদয় পঞ্চম উইকেটে গড়েন ম্যাচজয়ী জুটি। ১৯ বলে ৪৯ রানের এই ঝড়ো জুটিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। হৃদয় ২৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন, ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কা। শামীম ১৩ বলে ৩১ রানের কার্যকর ইনিংস খেলেন।

নিউজিল্যান্ডের পক্ষে ইশ সোধি দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান নাথান স্মিথ ও জশ ক্লার্কসন।

এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। শুরুতেই রানআউটে ওপেনার টিম রবিনসনকে হারায় কিউইরা। এরপর কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। দুজনই ফিফটি করেন—ক্লার্ক ৩৭ বলে ৫১ এবং ক্লেভার ২৮ বলে ৫১ রান করেন।

মাঝের ওভারগুলোতে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে অধিনায়ক নিক কেলির ২৭ বলে ৩৯ ও জশ ক্লার্কসনের ১৪ বলে অপরাজিত ২৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে তারা।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মাহেদি হাসান একটি করে উইকেট শিকার করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া