জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বনমালা এলাকায় এক বাড়ি থেকে কলেজছাত্র ছেলের মরদেহ এবং রেললাইনের পাশ থেকে তার বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ভোরে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন— টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা মো. সোহেল হোসেন এবং তার ছোট ছেলে সাকিব হোসেন। সাকিব উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল হোসেন দুই ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন। শনিবার গভীর রাতে নিজ ঘর থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল। অন্যদিকে, বনমালা এলাকার রেললাইনের পাশ থেকে সোহেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে মো. সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ধারণা, ঘুমন্ত ছেলেকে হত্যার পর সোহেল হোসেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিজ ঘরে কলেজছাত্র সাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রেললাইনের পাশ থেকে তার বাবার লাশ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
Posted ৫:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah