জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জান্নাত আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী রাজিব আহম্মেদ জুনায়েদকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্দাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আক্তার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে। পরিবারের অভিযোগ, জান্নাতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা শুকুর আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে রাজিবের সঙ্গে জান্নাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে ছিল। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়।
অভিযোগ রয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবিকে ফোন করে জান্নাতকে নিয়ে যেতে বলেন, অন্যথায় তাকে হত্যার হুমকি দেন। খবর পেয়ে জান্নাতের বাবা বাড়িতে গিয়ে মেয়েকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।
পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীর ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
Posted ৫:২০ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah