আরিফুর রহমান আরিফ : | সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে ‘হক ফায়ার’। দ্রুত রেনো শহরের দিকে এগিয়ে আসায় প্রায় ৪২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও প্রায় ৪৫ হাজার বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। রোববার স্থানীয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বাড়িঘর ছাড়ার নির্দেশ দেয়।
আগুন লাগার এক দিনের মধ্যেই দাবানলটি প্রায় ১৫ হাজার ৪০ একর এলাকায় ছড়িয়ে পড়ে। রোববার বিকেলে আগুনটি রেনো শহর থেকে মাত্র ৫ মাইল উত্তর-পশ্চিমে জ্বলছিল।
দাবানলে পাহাড়ের চূড়ায় থাকা কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী।
যুক্তরাষ্ট্র সরকারের দাবানল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইনসিওয়েব পরিস্থিতিকে ‘খুবই ভয়াবহ’ বলে জানিয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রকাশিত ছবিতে পাহাড়ের চূড়া থেকে লেলিহান আগুনের শিখা ও আকাশজুড়ে ঘন ধোঁয়ার মেঘ দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রেনোর কাছে ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন নেভাদার গভর্নর জো লোম্বার্ডো।
ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস জানিয়েছেন, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি এতটাই পরিবর্তনশীল যে আগুন অল্প সময়ের মধ্যেই আবাসিক এলাকায় পৌঁছে যেতে পারে।
তিনি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে, সম্ভব হলে তার আগেই নিরাপদ স্থানে চলে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন।
রেনো ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। শহরটি সিয়েরা নেভাদা পর্বতমালা ও জনপ্রিয় পর্যটন এলাকা লেক তাহোর কাছাকাছি।
Posted ৬:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah