আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | রবিবার, ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 71 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. হাফিজ শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই নারী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাঘের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজ শেখ কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আ. কাদিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাফিজ শেখ সিএনজিচালিত অটোরিকশায় করে মীরের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বাঘের পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী হাফিজ শেখ ও দুই নারী সড়কের পাশে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ও অটোরিকশা দুটিই ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজ শেখকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত দুই নারীকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুটি গাড়িই ঘটনাস্থল থেকে চলে গেছে। নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আহত দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
Posted ২:০৮ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah