শনিবার ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহস ও আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।

শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত মুক্তিযোদ্ধারা জাতির অনন্য গৌরব। তবে এসব খেতাবের চেয়েও গুরুত্বপূর্ণ হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে এমন অর্জন সবার পক্ষে সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মহান মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার। তাঁদের প্রতি বীরোচিত অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।

সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন এবং শহীদদের মাগফিরাত কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদান মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেও গর্বিত উল্লেখ করে তিনি বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও আন্দোলিত করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটি সশস্ত্র বাহিনীর জন্যও গর্বের বিষয়।

তারেক রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।

তিনি বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। তবে জীবনের সায়াহ্নে এসেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি অম্লান। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, সে জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Facebook Comments Box

Posted ৫:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া