সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মাসুদ আল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।
নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন মাসুদ। পথে একটি প্রাইভেটকার তার বাইসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
মাসুদের অকালমৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তার মৃত্যুতে আহাম্মদপুর গ্রামেও শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah