অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 133 বার পঠিত
হাইফা শহরের দক্ষিণে বিনইয়ামিনায় ইসরাইলি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় চার সেনা নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৬৭ ছাড়িয়েছে। ভুক্তভোগীরা মধ্যম ও গুরুতর মাত্রায় আহত হয়েছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আহতদের অনেকে সেনাঘাঁটির ক্যান্টিনে অবস্থান করছিলেন এবং একেবারে অপ্রস্তুত অবস্থায় তারা আক্রান্ত হন। হামলার সময় ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কোনো সাইরেন বাজাতে বা সতর্কতা দিতে ব্যর্থ হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে খালি মেস হলের ছাদে বড়সড়ো ফুটো দেখা গেছে।
স্থানীয় সময় গত রোববার হিজবুল্লাহ জানায়, তারা বিনইয়ামিনা ক্যাম্পে ‘একঝাঁক সশস্ত্র ড্রোন’ পাঠিয়েছে। এই সেনাঘাঁটি ইসরাইলের অন্যতম বড় শহর হাইফা থেকে ৩০ কিমি দক্ষিণে অবস্থিত। বৃহস্পতিবার ইসরাইলি হামলায় বৈরুতের মধ্যাঞ্চলে ২২ জন নিহতের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর বরাত দিয়ে সিএনএন লিখেছে, লেবাননের সশস্ত্র সংগঠনটি ইসরাইলের গোলানি ব্রিগেডকে হামলার লক্ষ্যবস্তু করেছে। গোলানি হিজবুল্লাহর ড্রোন হামলায় ঘুম হারাম নেতানিয়াহুর
ব্রিগেড আইডিএফের একটি পদাতিক ইউনিট। এই ইউনিটের সদস্যদেরকেই মূলত দক্ষিণ লেবাননে মোতায়েন করেছে ইসরাইল।
ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই হামলায় পুরোনো প্রযুক্তির ড্রোন ব্যবহার করেছে হিজবুল্লাহ। যার ফলে ইসরাইলের সব ধরনের রাডার ও অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থাকে এড়িয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয় এই ড্রোনগুলো। কীভাবে এই অসাধ্য সাধন করল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, সে বিষয়টি বিস্তারিত উঠে এসেছে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে।
জেরুজালেম পোস্ট লিখেছে, এই হামলায় হিজবুল্লাহ ব্যবহার করেছে মিরসাদ-১ নামের ড্রোন। আলমা রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞরা জানান, এটি ইরানের মোহাজের-২ ড্রোনের আদলে নির্মিত। হিজবুল্লাহর অভিযানের সুবিধার্থে এতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
এই ড্রোন ঊর্ধ্বে ৪০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৩৭০ কিমি বেগে লক্ষ্যের দিকে ধেয়ে যেতে পারে এবং সর্বোচ্চ ১২০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। ২০০২ সাল থেকে নজরদারি ও হামলায় এই ড্রোন ব্যবহার করে আসছে হিজবুল্লাহ।
বিনইয়ামিনার হামলায় একটি বিশেষ কৌশল অবলম্বন করে হিজবুল্লাহ। একঝাঁক রকেটের নিচে ড্রোন পাঠায় তারা। উদ্দেশ্য ছিল ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা। অন্তত একটি ড্রোন ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়। এটি বিনইয়ামিনায় আছড়ে পড়ে, যা ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা লঙ্ঘনের বড় ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।
ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেইলি জানিয়েছে, এর আগেও মিরসাদ-১ ড্রোন ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল। এ বছরের শুরুতে হিজবুল্লাহর কয়েকটি ড্রোন বেশ কয়েক মিনিটের জন্য ইসরাইলি আকাশ সীমায় ঢুকে পড়ে। কয়েক মিনিট ঘুরেফিরে নির্বিঘ্নে ড্রোনগুলো আবারও অক্ষত অবস্থায় লেবাননে ফিরে আসে।
শুধু মিরসাদ-১ নয়, হিজবুল্লাহর কাছে ইরানে নির্মিত শাহেদ ও মোহাজের-৪ এর মতো অত্যাধুনিক ড্রোনও রয়েছে। আলমা রিসার্চ সেন্টারের প্রতিবেদন মতে, সংগঠনটির কাছে বিভিন্ন মডেল মিলিয়ে মোট দুই হাজার ড্রোন রয়েছে।
বিনইয়ামিনার এই হামলায় ইসরাইলের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোমের’ কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বেশ কার্যকর হলেও এটি মিরসাদ-১ এর মতো ছোট, কম উচ্চতায় উড়তে সক্ষম ড্রোন চিহ্নিত করতে হিমশিম খাচ্ছে বলেই মত দিয়েছেন বিশ্লেষকরা।
আইডিএফ ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। বিনইয়ামিনার হামলার সময় কেন বাজেনি সতর্কতাসূচক অ্যালার্ম, সেটা তারা এখন খতিয়ে দেখছে। সব মিলিয়ে বলা যায়, ইসরাইলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়ে হিজবুল্লাহর ড্রোন। এক বছরব্যাপী গাজার যুদ্ধে হামাস তেমন মাথা ব্যথার কারণ না হলেও হিজবুল্লাহর ড্রোন সক্ষমতা নেতানিয়াহুকে চিন্তিত করেছে। কেননা ২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইল লেবাননে সর্বাত্মক হামলা শুরুর পর এটাই হিজবুল্লাহর সবচেয়ে বড় আকারের পাল্টা হামলা।
Posted ৩:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah