সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৬ জুন ২০২৬ | প্রিন্ট | 119 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিনের অনিয়ম ও সিন্ডিকেটের মাধ্যমে ইস্যু হওয়া অবৈধ রিকশার লাইসেন্স বাতিল করে প্রকৃত মালিক ও চালকদের নামে নতুন করে লাইসেন্স বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকার নিজ বাসভবনে জেলা বিএনপির অঙ্গসংগঠন ও শ্রমিক দলের উদ্যোগে রিকশা, ভ্যান, ইজিবাইক চালক ও শ্রমিকদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, রিকশার লাইসেন্স ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলে আসছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব অনিয়ম দূর করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
তিনি বলেন, অতীতে একটি সিন্ডিকেটের মাধ্যমে একজনের নামে ৩০০ থেকে ৫০০টি পর্যন্ত রিকশার লাইসেন্স ইস্যু করা হয়েছে, যা পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রি করা হয়েছে। বর্তমানে এসব অবৈধ লাইসেন্স চিহ্নিত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, অতীতে একজনের নামে নেওয়া বিপুলসংখ্যক লাইসেন্স এবং পরবর্তীতে কেনাবেচা হওয়া লাইসেন্স যাচাই করা হবে। ৫ আগস্টের পর অনিয়মের মাধ্যমে নেওয়া লাইসেন্সও বাতিলের উদ্যোগ নেওয়া হবে, তা যার নামেই থাকুক না কেন।
তিনি বলেন, ‘হ্যান্ডেল যার, রিকশা তার—লাইসেন্সও তার’—এই নীতির ভিত্তিতে প্রকৃত রিকশার মালিক ও চালকদের লাইসেন্স নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবৈধ লাইসেন্স বাতিল এবং নতুন ব্যবস্থাপনা চালু করা হবে।
রিকশাচালকদের জরিমানার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য শ্যামল বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে জরিমানার প্রক্রিয়া পর্যালোচনা করা হবে। প্রকৃত শ্রমিকদের প্রতি কোনো ধরনের অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না।
রিকশা ও অন্যান্য পরিবহন শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। ব্রাহ্মণবাড়িয়া শহর ও প্রকৃত শ্রমিকদের স্বার্থে যে সিদ্ধান্ত প্রয়োজন, সেটিই বাস্তবায়ন করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah