আরিফুর রহমান আরিফ | সোমবার, ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। ২০ জুলাই স্থানীয় সময় রোববার পশ্চিম ইকুয়েডরে একটি পিকআপ ট্রাক এবং একটি স্পোর্ট ইউটিলিটি যানের (এসইউভি) মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পানামা টুপি তৈরির জন্য বিখ্যাত উপকূলীয় শহর মান্তা এবং নিকটবর্তী শহর মন্টেক্রিস্টির সংযোগকারী মহাসড়কে ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো দুইজন।
ইকুয়েডরের ট্র্যাফিক কমিশনের একজন তদন্তকারী জুয়ান কার্লোস মার্টিলো সাংবাদিকদের বলেন, ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে আমরা ধারণা করছি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ছয় এবং ১১ বছর বয়সী দুই শিশুও রয়েছে।
মার্টিলো বলেন, নিহতদের সংখ্যা বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে, কমপক্ষে একটি গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।
ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো সড়ক দুর্ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৪ হাজার ৭৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে ৫৬৫ জন মারা গেছে।
গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যার এক-তৃতীয়াংশেরও বেশি চালকের অনভিজ্ঞতা বা বেপরোয়ার কারণে ঘটেছে।
Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah